
আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্ট তখন চলছে। দিনের খেলা শেষে একদিন ফোনে চোখ রেখে একটি ম্যাসেজ দেখতে পেলেন মুমিনুল হক। বাংলাদেশের সাবেক কোচ চান্দিকা হাথুরুসিংহের বার্তা, “তোমার জন্য ক্লাবের ব্যবস্থা হয়ে গেছে।” সেই ক্লাবের নাম ব্ল্যাকটাউন গ্রেড ক্রিকেট ক্লাব। সিডনির গ্রেড ওয়ান ক্রিকেটে খেলে এই দল।
অস্ট্রেলিয়ার গ্রেড ক্রিকেটের খ্যাতি অনেক বছর ধরেই আছে ক্রিকেট দুনিয়াজুড়ে। যুগে যুগে অস্ট্রেলিয়ার হয়ে আন্তর্জাতিক পর্যায়ে খেলা প্রায় সব ক্রিকেটার কখনও না কখনও খেলেছেন গ্রেড ক্রিকেটে। বিভিন্ন শহরেই গ্রেড ক্রিকেট হয়ে থাকে। এর মধ্যে সিডনির গ্রেড ক্রিকেটের পরিচিতি একটু আলাদা। ১৩২ বছর পুরোনো এই টুর্নামেন্টকে ক্রিকেটীয় মান ও প্রতিদ্বন্দ্বিতার কারণে এটিকে অনেকে বলে থাকেন ‘সিডনি টেস্ট ক্রিকেট।’ সেখানেই এবার মুমিনুলের ঠিকানা ব্ল্যাকটাউন ক্লাব।
ব্ল্যাকটাউন ক্লাবের বয়স সিডনির গ্রেড ক্রিকেটের প্রায় সমান। সেই ১৮৯৪ সালে প্রতিষ্ঠিত হয়েছে ক্লাবটি। তবে গ্রেড ক্রিকেটে অংশ নিচ্ছে তারা ২৩ বছর ধরে।